Image description

চিরচেনা রূপ পাল্টে এক অনন্য লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। মাথায় কাঁচাপাকা চুল, পরনে সাধারণ পোশাক—এই নতুন লুকে তিনি শুধু ভক্তদের চমকই দেননি, বরং নিজের শিল্পীসত্তার গভীরতা আরও একবার জানান দিলেন।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বারান্দায় দেখা গেল এক অন্য বিপাশাকে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিবিষ্ট মনে মুখোশে রঙ মেলাচ্ছিলেন তিনি। ১৯৯৮ সালে এই চারুকলা ইনস্টিটিউট থেকেই এমএফএ সম্পন্ন করা বিপাশা যেন নিজ ক্যাম্পাসের আঙিনায় ফিরে ফিরে পাচ্ছিলেন হারানো শৈশব।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও সম্প্রতি দেশে ফিরেছেন বিপাশা। দীর্ঘদিন ক্যামেরা এড়িয়ে চললেও সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের না-বলা অনেক কথা শেয়ার করেছেন। সেখানে তিনি পরিষ্কার করেন যে, অভিনয় থেকে তিনি পাকাপাকিভাবে বিদায় নেননি, বরং যুতসই চরিত্রের অপেক্ষায় আছেন।

বিপাশা জানান, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, “আমি খুব সেজেগুজে পর্দায় হাজির হতে পছন্দ করি না। শুধু মানসিকভাবে নয়, বরং শারীরিকভাবে ঘাম ঝরানো কোনো চরিত্র করতে চাই। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যারা অনেক কষ্টে আছে, যাদের জীবন বেদনার্ত। ‘বনলতা এক্সপ্রেস’-এ সেই সুযোগটি কম ছিল।”

অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও তুলি-কাগজ থেকে দূরে নেই তিনি। নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে তাঁর চিত্রপ্রদর্শনী প্রশংসিত হচ্ছে। গত বছর রাজধানীর গ্যালারি চিত্রক-এ তাঁর একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ ব্যাপক সমাদৃত হয়েছিল। চারুকলার আঙিনায় তাঁর এই উপস্থিতি আবারও প্রমাণ করল, অভিনয়ের চেয়েও তাঁর শিল্পীসত্তা এখন ঢের বেশি সক্রিয়।

মানবকণ্ঠ/আরআই