ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিএনপির চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার প্রতিক্রিয়া জানান।
মনোনয়ন না পাওয়ার পর চমক তার জন্মভূমি কুষ্টিয়া থেকে মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে এই অভিনেত্রী লেখেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
মনোনয়ন না পেলেও দেশ ও জনগণের সেবা করার লক্ষ্য থেকে পিছিয়ে যাচ্ছেন না তিনি। ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’
রাজনীতির এই নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে স্ট্যাটাসটি শেষ করেন তিনি। উল্লেখ্য, কুষ্টিয়া এলাকা থেকে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চমক। তবে আজ ঘোষিত ৩৬ জনের তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments