Image description

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি একটি ঘটনার জেরে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। লন্ডনে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২-এর প্রদর্শনীতে এক ভক্ত তার হাতে পবিত্র কুরআন তুলে দেন।

জানা যায়, এর আগে এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেছিলেন। এই শব্দটি ইসলামী সংস্কৃতিতে ভবিষ্যৎ সম্পর্কে আশা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার অর্থ ‘যদি আল্লাহ ইচ্ছা করেন’। বিষয়টি ভক্তদের নজরে এলে তারা এটিকে সম্মান জানিয়ে এমন উপহার দেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপহার পেয়ে হাসিমুখে ধন্যবাদ জানান অভিনেত্রী। একজন বিশ্বখ্যাত হলিউড তারকার মুখে এমন একটি শব্দ ব্যবহারের ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন, আবার কেউ বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। এমনকি কেউ কেউ তার ধর্মীয় অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন, যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নতুন সিনেমা  মাদার মেরিতেও ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। এতে তিনি এক সংকটাপন্ন পপ তারকার ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটিকে বাস্তবসম্মত করতে দীর্ঘ সময় ধরে নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

একদিকে ভাইরাল হওয়া এই ঘটনা, অন্যদিকে নতুন সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্র—সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে অ্যান হ্যাথাওয়ে।

মানবকণ্ঠ/আরআই