গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সকল জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে চিঠির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত এক উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ও আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি ঘিরে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করতে পারে। বোমা হামলার পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার ইঙ্গিতও পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।
পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো, নজরদারি জোরদার এবং সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মানবকণ্ঠ/আরআই




Comments