টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের ওপর অশালীন আক্রমণ ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হয়েছে এবং আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এরই মাঝে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ উগড়ে দেন রূপাঞ্জনা। তিনি জানান, রাজনৈতিক আদর্শ পরিবর্তনের পর থেকে তাঁকে নানাভাবে সমালোচনা ও কটাক্ষ করা হচ্ছিল, কিন্তু এবার তা সীমা ছাড়িয়ে গেছে। সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ায় তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
লাইভে রূপাঞ্জনা বলেন, “দীর্ঘ ২৫ বছর কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে আমি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছি। রাজনৈতিক পরিচয়ের আগে আমি একজন নারী। একজন সফল নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে করা সম্ভব, তা আমার মাথায় আসে না।”
বিজেপির নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “যারা নারী সুরক্ষার বুলি আউড়ায়, তাদের সমর্থকরাই যখন একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেয়, তখন তাদের আসল চরিত্র প্রকাশ পায়। এই ধরনের আচরণই বলে দেয় তারা ক্ষমতায় এলে কী পরিস্থিতি তৈরি করতে পারে।”
রূপাঞ্জনা স্পষ্ট জানিয়েছেন, যারা তাঁকে এই হুমকি দিয়েছেন এবং অশালীন মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি শিগগিরই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। নির্বাচন চলাকালীন একজন অভিনেত্রীর প্রতি এমন আচরণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments