কুষ্টিয়ায় মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে ভ্যানচাপায় শিশুর মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় মায়ের চোখের সামনেই ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন মা।
নিহত ইছান আব্দুল্লাহ উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে। সে স্থানীয় রাজিনাথপুর এলাকার তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রথম সাময়িক শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ইছান তাঁর মায়ের হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল। তাঁরা একটি ভ্যানযোগে রাজিনাথপুর এলাকায় মাদ্রাসার সামনে পৌঁছান। ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে ভ্যানের নিচে চাপা যায় এবং গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল চত্বরে নিহত শিশুর স্বজনদের গগনবিদারী আর্তনাদে এক শোকাতুর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামীণ সড়কগুলোতে ব্যাটারিচালিত ভ্যানের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-মাদ্রাসার সামনে যান চলাচলের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ না থাকায় কোমলমতি শিশুরা সবসময় মৃত্যুঝুঁকিতে থাকে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, "সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
মেধাবী এই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ঘাতক ভ্যানটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments