পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো রাজ্যে। সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, রাজনীতির ময়দানে নামা রুপালি পর্দার তারকাদের ভাগ্যে বইছে মিশ্র হাওয়া। কেউ জয়ের সুবাতাস পেলেও কেউ আবার রয়েছেন পরাজয়ের শঙ্কায়।
প্রাথমিক গণনায় শিবপুর কেন্দ্রে বাজিমাত করেছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। চার রাউন্ড গণনা শেষে তৃণমূলের রানা চট্টোপাধ্যায়ের থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এখন পর্যন্ত রুদ্রনীলের প্রাপ্ত ভোট ২২ হাজার ২৯৮টি। অন্যদিকে, করিমপুর কেন্দ্রে বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন তৃণমূলের সোহম চক্রবর্তী। তিনি বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থীর থেকে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
তবে চিত্রটা কিছুটা ভিন্ন টলিউডের অন্য তারকাদের ক্ষেত্রে। শ্যামপুর কেন্দ্রে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ৫ হাজার ৩৬৯ ভোটে পিছিয়ে রয়েছেন। বরানগরেও পিছিয়ে আছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ৩ হাজার ৮৬৮ ভোটে পিছিয়ে থেকে লড়াই করছেন।
সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা জাগিয়েছেন। বারাকপুর কেন্দ্রে চলছে হাড্ডাহাড্ডি লড়াই; সেখানে তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রতি মুহূর্তেই ওঠানামা করছে। যাদবপুরেও বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও তৃণমূল ও বাম প্রার্থীদের সঙ্গে তাঁর ব্যবধান অত্যন্ত সামান্য।
সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যেও চলছে সেয়ানে সেয়ানে লড়াই। শেষ পর্যন্ত বাংলার মসনদে বসার লড়াইয়ে কোন তারকা শেষ হাসি হাসেন, তা জানতে আরও কয়েক রাউন্ড গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত ও সমর্থকদের।
মানবকণ্ঠ/আরআই




Comments