Image description

তামিলনাড়ুর রাজনীতির নতুন ‘থালাপাতি’ হিসেবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ নিলেন অভিনেতা ও জননেতা বিজয়। এই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আমেজ থাকলেও সবার নজর কেড়েছে একটি বড় শূন্যতা। জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে বিজয়ের পাশে দেখা যায়নি তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম এবং দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্য সাশাকে। তাদের অনুপস্থিতি বিজয়ের রাজনৈতিক উত্থানের এই মাহেন্দ্রক্ষণকে কিছুটা ‘অসম্পূর্ণ’ করে তুলেছে বলে মনে করছেন ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, শপথ অনুষ্ঠানের গ্যালারিতে যখন বিজয়ের নামের জয়ধ্বনি উঠছিল, তখন দর্শকসারির প্রথম সারিতে উপস্থিত হয়ে সবার দৃষ্টি কাড়েন বিজয়ের ‘প্রেমিকা’ বলে আলোচিত অভিনেত্রী তৃষা কৃষ্ণান। শুধু উপস্থিতিই নয়, বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের পাশেই তাঁর বসা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র জল্পনা। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনীতির নতুন ইনিংসের সঙ্গে বিজয় কি তাঁর ব্যক্তিগত জীবনেও নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন?

এদিকে জানা গেছে, দীর্ঘ দাম্পত্য জীবনের টানাপোড়েন শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গলপট্টি পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেন সঙ্গীতা। তাঁর আবেদনে স্বামী বিজয়ের বিরুদ্ধে নানা অভিযোগ ও সম্পর্কের তিক্ততা উঠে এসেছে। বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৫ জুন।

শপথ অনুষ্ঠানে ‘আমি শ্রী জোসেফ বিজয়…’ বলে দায়িত্ব গ্রহণের সময় স্টেডিয়ামে তুমুল করতালি থাকলেও অনলাইনে অনেক ভক্তই বিজয়ের পারিবারিক দূরত্ব নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছেন। তাদের মতে, রাজনৈতিক সাফল্যের চূড়ায় পৌঁছালেও বিজয়ের ব্যক্তিগত জীবনের শূন্যতা আলোচনার বাইরে থাকতে পারেনি।

অনুষ্ঠানে বিজয়ের বাবা প্রখ্যাত পরিচালক এস এ চন্দ্রশেখর এবং মা উপস্থিত থাকলেও, স্ত্রী-সন্তানদের অনুপস্থিতি এই নতুন নেতার ব্যক্তিগত জীবনকে আবারও সংবাদ শিরোনামে নিয়ে এসেছে। ফলে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক অধ্যায়ের পাশাপাশি বিজয়ের ঘর ভাঙার খবরই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

মানবকণ্ঠ/আরআই