Image description

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন। সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ওমর সানী তাদের ‘মশা’ ও ‘ফকিন্নি’ বলে অভিহিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ওমর সানী লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’ একই পোস্টে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’

অভিনেতার এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটিজেনের ধারণা, ওমর সানী মূলত অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।

ঘটনার নেপথ্যে জানা যায়, চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কয়েক বছর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি এক ঘণ্টার নাটক নির্মাণ করেছিলেন হাসান জাহাঙ্গীর। সম্প্রতি সেই নাটকের সঙ্গে অতিরিক্ত কিছু দৃশ্য যোগ করে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে চিত্রনায়িকা মৌসুমীর কোনো অনুমতি নেওয়া হয়নি।

সিনেমাটি নিয়ে বিস্ময় প্রকাশ করে মৌসুমী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তার জন্য অত্যন্ত অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কীভাবে এটি সেন্সর ছাড়পত্র পেল, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

এর আগে গত ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, হাসান জাহাঙ্গীরের অনুরোধেই মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা জানানো হলেও শেষ পর্যন্ত সেটিকে সিনেমা হিসেবে সেন্সর করানো হয়েছে, যা শিল্পী ও দর্শকদের সঙ্গে প্রতারণার শামিল। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই ‘মশা’ ও ‘ফকিন্নি’ তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন ওমর সানী।

মানবকণ্ঠ/আরআই