নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রুপালি পর্দায় আসতে যাচ্ছে জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টির ছায়া অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর অন্যতম অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার শেয়ার করে নাবিলা ক্যাপশনে লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”
দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে নাবিলা জানান, ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজ চলাকালীন ভিসা সংক্রান্ত নানা জটিলতার কারণে এর মুক্তি বারবার পিছিয়েছে। বিলম্বের কারণে একসময় সিনেমাটি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে তারা নিজেরাই শঙ্কায় ছিলেন। তাই অবশেষে মুক্তির খবরে তিনি ভীষণ আনন্দিত।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান লাভ করে। এর আগে ২০২৪ সালে এবং গত রোজার ঈদেও সিনেমাটি মুক্তির আলোচনা হয়েছিল, তবে দেশের সার্বিক পরিস্থিতি ও অন্যান্য কারণে তা আর সম্ভব হয়নি।
‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এতে নাবিলা ও খায়রুল বাসার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশিকে।
মানবকণ্ঠ/আরআই




Comments