Image description

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুর শোক না কাটতেই শোবিজ অঙ্গন থেকে এলো আরও একটি দুসংবাদ। মরণব্যাধি ‘হেপাটাইটিস এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর বনানীর ইয়োর্ক হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের জানান সনিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ তার এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, সম্প্রতি এই একই ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার বিকল হয়ে মারা যান অভিনেত্রী কারিনা কায়সার। তাই সনিকার অসুস্থতার খবরটি ভক্তদের মাঝে বাড়তি উৎকণ্ঠা তৈরি করেছে।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা সনিকা খুব অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিকভাবে নজর কেড়েছিলেন। ডিজে হিসেবে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান।

ডিজে মিক্সিংয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সফল সনিকা। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’-এর মতো নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই মাল্টি-ট্যালেন্টেড তারকা।

মানবকণ্ঠ/আরআই