Image description

দীর্ঘ ২৭ বছর পর নতুন রূপে বড় পর্দায় ফিরছে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে সিনেমাটির রিমেক নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান। নতুন প্রজন্মের দর্শকদের কাছে কালজয়ী এই প্রেমের গল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছে ছবিটি।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত হঠাৎ বৃষ্টি দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে একটি বিশেষ স্থান করে নেয়। মূল ছবিটি পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।

রিমেক সংস্করণে সেই জনপ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন তরুণ শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরী।

মূল চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছিল আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস। নতুন সংস্করণে আশীর্বাদ চলচ্চিত্রের পাশাপাশি সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

পরিচালক কামরুজ্জামান জানান, একটি ক্লাসিক চলচ্চিত্রের রিমেক নির্মাণ করা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, মূল গল্পের আবেগ ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে আধুনিক নির্মাণশৈলী এবং বর্তমান সময়ের দর্শকদের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটি নির্মাণ করা হয়েছে।

প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করা আরিয়ান সারোয়ার বলেন, চরিত্রটি আত্মস্থ করার জন্য তিনি মূল ছবিটি বহুবার দেখেছেন। তবে ফেরদৌসের অভিনয় অনুকরণ না করে নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গিতে চরিত্রটি উপস্থাপনের চেষ্টা করেছেন।

অন্যদিকে রাদিফা নারমিন বলেন, অভিনয়জীবনের শুরুতেই এমন একটি স্মরণীয় চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের দর্শকরাও ছবিটিকে আপন করে নেবেন।

ইতোমধ্যে ‘আবার হঠাৎ বৃষ্টি’র শুটিং শেষ হয়েছে এবং চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন পেয়েছে। নির্মাতারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।