কয়েক দিনের গুঞ্জনই অবশেষে সত্যি হলো। রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১১ জুন) ইমেইলের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন টলিউডের এই তারকা।
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলটিতে একধরনের অস্থিরতা ও ভাঙন দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন দলটির অনেক নেতা। কোয়েলের আগেই সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো তৃণমূলের রাজ্যসভা সদস্যরা পদত্যাগ করেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়েল মল্লিকের এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ জন থেকে কমে ৯ জনে দাঁড়াল। একইসঙ্গে গুঞ্জন উঠেছে, বর্তমান এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে চলতি সপ্তাহে আরও কয়েকজন সাংসদ পদত্যাগ করতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে রাজনীতি থেকে বরাবরই নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। এরপর এপ্রিলে দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।
সাংসদ হওয়ার পর কোয়েল জানিয়েছিলেন, দেশ ও মানুষের সেবা করার এই মহৎ দায়িত্ব পালন করতেই তিনি রাজনীতিতে এসেছেন। তবে তৃণমূল কংগ্রেসের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণেই শেষ পর্যন্ত সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর এই আকস্মিক সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
মানবকণ্ঠ/আরআই




Comments