ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে বেশ সরব। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক মধ্যবয়সী নারীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করতে থাকেন, ওই নারী পূর্ণিমার ছোটবেলার বান্ধবী বা স্কুল-কলেজ জীবনের সহপাঠী। কেউ কেউ মন্তব্য করেন, তারা প্রায় সমবয়সী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন ভিডিওতে থাকা ওই নারী নিজেই।
জানা গেছে, ভিডিওর ওই নারীর নাম রাজিয়া আক্তার (৫০)। তিনি গাজীপুরের মিরের বাজার এলাকার হাজারী কটেজে বাবুর্চি হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে রান্নার পেশায় যুক্ত রাজিয়ার হাতের রান্না অভিনেত্রী পূর্ণিমার ভীষণ পছন্দ। মূলত রাজিয়ার রান্নার প্রশংসা এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই ভিডিওটি ধারণ করে ফেসবুকে শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।
শুক্রবার (১২ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজিয়া আক্তার তার বান্ধবী হওয়ার এসব দাবিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানান, পূর্ণিমার সঙ্গে তার পরিচয়ের সূত্র একেবারেই ভিন্ন। রাজিয়া বলেন, ‘আমি তো কখনো কলেজেই যাইনি। তাই পূর্ণিমার সঙ্গে একসঙ্গে লেখাপড়া করার কোনো প্রশ্নই ওঠে না। মানুষ আসল ঘটনা না জেনেই অনেক কিছু বলছে।’
নিছক প্রশংসা ও ভালোবাসার জায়গা থেকে তৈরি করা একটি সাধারণ ভিডিও নিয়ে এমন বিভ্রান্তি ছড়াবে, তা হয়তো কেউই ভাবেননি। এ ঘটনার পর নেটিজেনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে মন্তব্য করার আগে বা না জেনে কোনো ভুল তথ্য ছড়ানোর আগে যেনো অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments