Image description

২০২৬ বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিপাকে পড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম ‘লুসু টিভি’। এই দায়িত্বজ্ঞানহীন আচরণের দায়ে জনপ্রিয় উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং তার অনুষ্ঠান ‘এল শো দেল ভেরানো’-এর পুরো ব্যাকস্টেজ টিমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, লাইভ সম্প্রচার চলাকালে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেন, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। এমনকি তিনি লাইভে আরও বলেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসির উচিত এখনই যুক্তরাষ্ট্রের ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে যাওয়া।

তবে মুহূর্তের মধ্যেই এই খবরটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়। মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হোর্হে মেসি মারা যাননি, বরং তিনি একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, “একটি অত্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে নৈতিকতাবোধ ও সংবেদনশীলতার অভাব রেখে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। হোর্হে মেসি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।”

উল্লেখ্য, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর মাঠেই বেশ আবেগাপ্লুত দেখা গিয়েছিল মেসিকে। মূলত বাবার অসুস্থতার কারণেই তিনি বিচলিত ছিলেন। ভুল এবং স্পর্শকাতর তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির দায়ে লুসু টিভি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে কঠোর শাস্তিস্বরূপ চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর