Image description

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব, আর সেই জোয়ারে গা ভাসিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ফুটবল প্রেমীদের জানা আছে, পরীমণি ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা জাহির করতে তিনি কখনোই কার্পণ্য করেন না। এবার আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সিগনেচার ভঙ্গি অনুকরণ করে নতুন এক ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

এর আগে আর্জেন্টিনার প্রথম জয়ের পর ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ‘আমার ছোট্ট মেসি’ লিখে ছবি পোস্ট করেছিলেন পরীমণি। তবে এবারের ভিডিওটি ভক্তদের জন্য ছিল একেবারেই অন্যরকম চমক। ভিডিওতে পরীমণিকে দেখা যায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে, যার সামনে লেখা ‘মেসি ১০’ এবং পেছনে নিজের নাম ‘পরী’।

ভিডিওটির মূল আকর্ষণ ছিল আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে তাদের বিখ্যাত সব গোল উদযাপনের ভঙ্গি নকল করা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই পরিচিত নাচ থেকে শুরু করে মোলিনা, রোমেরো, সেনেসি, ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এনজো ফেরনান্ডেজ এবং জুলিয়ান আলভারেজদের আইকনিক পোজগুলো একে একে ফুটিয়ে তুলেছেন তিনি। মাঠের আসল ক্লিপের সঙ্গে পরীর এই অভিনয়ধর্মী উপস্থাপনা নেটিজেনদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

ভিডিওর শেষাংশে রঙিন জরি মাখা গ্ল্যামারাস সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন পরীমণি। ভিডিওটি শেয়ার করার পর থেকেই কমেন্ট বক্সে বইছে প্রতিক্রিয়ার জোয়ার। আর্জেন্টিনার সমর্থকরা যেমন প্রিয় নায়িকার এমন উদযাপনে উচ্ছ্বসিত, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও মেতেছেন মজার তর্কে। বিশ্বকাপের এই ভরা মৌসুমে পরীমণির এই অভিনব উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য টাউন।

মানবকণ্ঠ/আরআই