Image description

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

এর আগে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন গ্রহণ করে এই নতুন নির্দেশনা দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর দেহাবশেষ উত্তোলন করলে সেখান থেকে কোনো কার্যকর আলামত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া কবর থেকে লাশ তোলা হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন আশঙ্কায় বাদীপক্ষ এই আবেদন জানিয়েছিল।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। নিহতের মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও দেহাবশেষ উত্তোলনের বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ পুনরায় ময়নাতদন্ত ও সুরতহালের জন্য লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত লাশ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। তবে বাদীর আবেদনের প্রেক্ষিতে আজ সেই অনুমতি বাতিল করা হলো।

মানবকণ্ঠ/ডিআর