Image description

হিজাব ছাড়া কনসার্টে পারফর্ম করার অভিযোগে ইরানের জনপ্রিয় নারী সংগীতশিল্পী পারাস্তু আহমদিকে ৭৪ দোররা (চাবুক মারার) সাজা দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য তার এবং সংশ্লিষ্টদের পারফর্ম করা ও বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত সপ্তাহে কোম প্রদেশের একটি রুদ্ধদ্বার আদালতে পারাস্তু আহমদি এবং তার ব্যান্ডের আরও আট সদস্য ও কলাকুশলীর বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।

২০২৪ সালে অনুষ্ঠিত একটি কনসার্টে ইরানের প্রচলিত পোশাকবিধি অমান্য করে হিজাব ছাড়া, খোলা চুল ও হাত প্রদর্শন করে মঞ্চে পারফর্ম করেছিলেন পারাস্তু। ওই কনসার্টের ভিডিও পরে ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে দুজন ইরানের বাইরে অবস্থান করছিলেন।

সাম্প্রতিক যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এই রায়কে দেশটিতে নারীদের ওপর ধর্মীয় বিধিনিষেধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন মানবাধিকারকর্মীরা।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এ রায়ের তীব্র সমালোচনা করে বলেন, এটি অমানবিক ও অপমানজনক। একই সঙ্গে এটি এমন একটি বার্তা দেয় যে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ইরানের শাসকগোষ্ঠী নারীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। মানবাধিকারকর্মীদের আশঙ্কা, নতুন বাস্তবতায় নারীদের অধিকার ও স্বাধীনতার ওপর আরও কড়াকড়ি আরোপ করা হতে পারে।