বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী সংগীত উৎসব ভেরখটার বুটিক-এ তার পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেন।
কনসার্ট বাতিলের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন কেটি পেরি। তিনি বলেন, বৈরী আবহাওয়া এবং সবার নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী সেদিন রাতের ভেরখটার বুটিকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মঞ্চে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তিনি এ সিদ্ধান্তের কথা জানতে পারেন। এরপর আর কোনো অতিরিক্ত তথ্য তাকে জানানো হয়নি।
ভক্তদের উদ্দেশে কেটি বলেন, তাদের মতো তিনিও ভীষণ হতাশ। তবে ৫৫ হাজার দর্শকের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আবহাওয়া বদলানোর ক্ষমতা তার নেই। নির্ধারিত রাতে ভক্তদের সামনে গান গাইতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ভেরখটার বুটিক উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই উৎসবের মঞ্চে দেখা গিয়েছিল তাকে।
কেটি আরও জানান, আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী পিটবুল–এর পরিবেশনার পরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। সেদিনের লাইনআপে মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি'আর্ক–এর মতো জনপ্রিয় শিল্পীদেরও পারফর্ম করার কথা ছিল।




Comments