Image description

এক মাসের বিরতির পর প্রকাশ পেয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, যিনি কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক।

বর্ষার আবহে প্রকাশিত গানটি নিয়ে শ্রোতাদের প্রত্যাশা থাকলেও মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাকে হিপহপধর্মী উপস্থাপনায় ব্যবহার করায় আপত্তি তুলেছেন অনেক শ্রোতা।

গানটির সংগীতায়োজনে দুটি রচনা একত্রিত করা হয়েছে। একটি লিখেছেন স্মরণ দত্ত, অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’। এই পরীক্ষাধর্মী উপস্থাপনাই বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউটিউবের মন্তব্যের ঘরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “রুম ঝুম পর্যন্ত সব গানই ভালো ছিল, এটা জমেনি।” আরেকজনের মন্তব্য, “সোনার তরী অংশটি না থাকলে গানটি আরও ভালো হতো।” অনেকেই ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন।

ফেসবুকেও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব গানটি নিয়ে সমালোচনা করেছেন। কথাসাহিত্যিক আনিসুল হক লিখেছেন, “যে কোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার, সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, করুণভাবে ব্যর্থ হওয়ার জন্য শোক।”

বিনোদন সাংবাদিক দাউদ হোসাইন রনি তার ফেসবুক পোস্টে দাবি করেন, রবীন্দ্রনাথের ‘সোনার তরী’কে বিকৃত করা হয়েছে। তিনি ভবিষ্যতে অর্ণব ছাড়া কোক স্টুডিও বাংলা দেখার প্রত্যাশার কথাও জানান।

এদিকে গানটি নিয়ে তৈরি বিভিন্ন ‘মিম’ও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সমালোচনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব কিংবা শিল্পী মাশা ইসলাম—কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এ ছাড়া ‘কোক স্টুডিও বাংলা’ নাম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পাকিস্তান, ভারতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্ল্যাটফর্মটির নাম দেশের নাম অনুসারে হওয়া উচিত ছিল। তাই নাম পরিবর্তনের দাবিও তুলেছেন কেউ কেউ।