Image description

বলিউডে রোমান্টিক ও নাটকীয় চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করা আলিয়া ভাট এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান সিনেমা ‘আলফা’-তে তিনি অ্যাকশন নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’, ‘রাজি’ ও ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে ভিন্নধর্মী চরিত্রে প্রশংসা কুড়ালেও এবার তাকে অস্ত্রচালনা, হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট ও কঠিন স্টান্টের জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ নিতে হয়েছে। ছবিতে তার সঙ্গে আরেক নারী এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন শর্বরী বাগ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন পরিচালক ক্রেইগ ম্যাকরে জানিয়েছেন, আলিয়া প্রত্যাশার চেয়েও বেশি পরিশ্রম করেছেন এবং অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্য নিজেই করার চেষ্টা করেছেন। আলিয়ার ভাষায়, ‘আলফা’ তার ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য ও চ্যালেঞ্জিং কাজগুলোর একটি।

ছবিতে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে রয়েছেন ববি দেওল। তিনি বলেন, দুই নারীকে কেন্দ্র করে এত বড় অ্যাকশন ছবি ভারতীয় সিনেমায় নতুন দিগন্ত খুলতে পারে। অনিল কাপুরও মনে করেন, ‘আলফা’ বলিউডের অ্যাকশন ঘরানায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ছবির জন্য আলিয়া প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজনের কাতারে নিয়ে গেছে।

সিনেমা বিশ্লেষকদের মতে, ‘আলফা’ সফল হলে আলিয়া ভাট শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, বলিউডের অন্যতম শীর্ষ অ্যাকশন তারকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন। একই সঙ্গে নারীপ্রধান বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভবিষ্যতের জন্যও ছবিটির সাফল্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।