Image description

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর এবার তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে এখনো মৌনী বা সুরজ কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

এমন পরিস্থিতিতে সাংবাদিক ও নেটপ্রভাবী সিমি চন্দোক মৌনী রায়কে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তার দাবি, বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য সম্পর্কে তিনি অবগত। মৌনীকে নিয়ে তিনি অভিযোগ করেন, অভিনেত্রীকে বেশির ভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়।

সিমির ভাষ্য, অতীতে একাধিকবার মৌনীকে পানশালা থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গেছে। ২০২৫ সালের শুরুর দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মৌনীকে স্বামী সুরজ নাম্বিয়ার ও অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে একটি পানশালা থেকে বের হওয়ার সময় হোঁচট খেতে দেখা যায়। পরে সুরজ তাকে ধরে গাড়িতে উঠতে সহায়তা করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং অনেকেই তার মদ্যপান নিয়ে প্রশ্ন তোলেন। তবে সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মৌনী।

সম্প্রতি সিমি চন্দোক আরও দাবি করেন, “আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে তাকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তাকে সব সময়ই নেশার ঘোরে থাকতে দেখেছি।”

এদিকে মৌনীর ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। কিছু নেটিজেনের দাবি, অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে মৌনীর ঘনিষ্ঠ সম্পর্ক তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছিল। তবে এসব দাবি কখনোই প্রমাণিত হয়নি।

এসব জল্পনার জবাবে সুরজ নাম্বিয়ার স্পষ্টভাবে বলেন, তাদের বিচ্ছেদের সঙ্গে কোনো বন্ধুর সম্পৃক্ততা নেই। তিনি জানান, “আমাদের সম্পর্ক ভাঙার পর অযথা কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।”

উল্লেখ্য, মৌনী রায় বা সুরজ নাম্বিয়ার কেউই এখন পর্যন্ত বিবাহবিচ্ছেদের প্রকৃত কারণ কিংবা সিমি চন্দোকের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চললেও অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।