ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফআই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় দুর্ঘটনার শিকার হন এই নির্মাতা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পুব রানা।
তিনি জানান, রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফআই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
অর্পুব রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এফআই মানিকের বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই নির্মাতার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও এক্স-রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এদিকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বলেন, এফআই মানিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোথাও হাড় ভেঙেছে কি না, তা পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি পান এফআই মানিক। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।




Comments