বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও শুরু হয়েছে দ্বিতীয়বার মা হওয়ার আলোচনা। সম্প্রতি একটি আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে বেবিবাম্পসহ তার উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপনে নীল রঙের প্যান্টস্যুট পরে দীপিকাকে হোটেলের বিভিন্ন স্থানে নাচতে ও হেঁটে বেড়াতে দেখা যায়। ভিডিওতে তার বেবিবাম্প স্পষ্টভাবে নজরে আসে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছিল বলে জানা গেছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘স্টাইলিশ মা’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘দীপিকার প্রেগন্যান্সি গ্লো দারুণ লাগছে।’ অনেকেই তার বেবিবাম্পের প্রশংসা করেছেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে দীপিকা ও তার স্বামী রণবীর সিং দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর শেয়ার করেছিলেন। একটি পোস্টে তাদের মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিটের ছবি প্রকাশ করে তারা ইঙ্গিত দেন নতুন অতিথি আসার।
মা হওয়ার পর কাজের সময় প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে আলোচনায় এসেছিলেন দীপিকা। পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। এ কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর খবরও প্রকাশ্যে আসে। তবে তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কারিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাউত ও রাশমিকা মান্দানাসহ অনেক তারকা।
ক্যারিয়ারের ব্যস্ত সময়েও একাধিক নতুন সিনেমার কাজ করছেন দীপিকা। সামনে তাকে কিং সিনেমায় শাহরুখ খানর সঙ্গে দেখা যাবে। এছাড়া পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনর বিপরীতে অভিনয় করছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে রামলীলা-এর শুটিংয়ে দীপিকা ও রণবীরের প্রেমের শুরু। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় তারা বিয়ে করেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।




Comments