বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার মাঝেই ভক্তদের উদ্দেশে রসিকতাপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন?’
সালমানের এই পোস্টকে অনেকেই তার অসুস্থতার গুঞ্জনের জবাব হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি তারকাদেরও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী মাহি বিজ মন্তব্যে লেখেন, ‘টু গুড।’
সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর এক অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন এবং উপকারভোগীদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন।
তবে অনুষ্ঠানটির চেয়ে বেশি আলোচনায় আসে তার শারীরিক অবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছে, আগের তুলনায় সালমানকে কিছুটা রোগা, ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল।
এ নিয়ে ভক্তদের মধ্যে নানা মন্তব্যও দেখা যায়। কেউ লিখেছেন, ‘তাকে অসুস্থ লাগছে, সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন।’ আরেকজনের মন্তব্য, ‘আমার নায়ক বুড়িয়ে যাচ্ছেন।’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘ভাইজানের কী হয়েছে?’ আবার একজন লিখেছেন, ‘সালমানের সঙ্গে হয়তো গুরুতর কিছু ঘটছে।’
এরই মধ্যে চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলক প্রকাশ করেন সালমান। প্রকৃতির মাঝে নিজের একটি পেশিবহুল ছবি শেয়ার করে তিনি শুধু ‘মাতৃভূমি’ লিখেই পোস্টটি করেন।
সালমান খান ফিল্মসের ব্যানারে সালমা খানের প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সবশেষে সালমান খানকে ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে জীবা মহালার বিশেষ উপস্থিতির চরিত্রে দেখা গেছে। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়াসহ একাধিক শিল্পী।
সূত্র: এনডিটিভি




Comments