ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি দিল্লি পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করেন।
সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ প্রেক্ষাপটে অরিজিৎ সিং এক্সে লিখেছেন, ‘শিক্ষার্থীদের মারধর করছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান (ঈশ্বর) মনে করছেন?’
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব! একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’
অরিজিতের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত ও অনুসারী তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন নীরব থাকার পর সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে তার এমন প্রকাশ্য মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এ ঘটনাতেও বলিউডের কয়েকজন শিল্পী ও জনপরিচিত ব্যক্তি উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা




Comments