Image description

ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানানোর একদিনের মধ্যেই নতুন বার্তা দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে দেওয়া তার সর্বশেষ পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বুধবার রাতে সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন সালমান। তবে বৃহস্পতিবার তিনি নতুন এক পোস্টে লেখেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে সালমান লেখেন, “শিক্ষার্থীদের আর উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আমার বিশ্বাস। তাই সবাইকে বলছি, ঘরে ফিরে যাও, বাবা-মায়ের কাছে ফিরে যাও।”

একই পোস্টে সমাজকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি। সালমান লেখেন, “সোনম, যথেষ্ট হয়েছে। অনশন আর বাড়িয়ো না। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখ। কিছু খেয়ে নাও, চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবারও পাঠিয়ে দেব।”

এর আগের দিন দেওয়া পোস্টে সালমান আন্দোলনকে শান্তিপূর্ণ উল্লেখ করে প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর সমস্যা বলে অভিহিত করেছিলেন। তিনি আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন এবং উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের ঐক্যের প্রশংসা করেছিলেন।

সর্বশেষ পোস্টের পর সামাজিক মাধ্যমে অনেকেই তার অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি করেছেন, সরকারের চাপের কারণেই তিনি এমন বার্তা দিয়েছেন। তবে এ বিষয়ে সালমান খান নিজে কোনো ব্যাখ্যা দেননি।

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠেও সালমানের পোস্টে মন্তব্য করে প্রশ্ন তোলেন, অভিনেতার ওপর কোনো ধরনের চাপ ছিল কি না। একই ধরনের মন্তব্যে ভরে গেছে পোস্টটির মন্তব্যের ঘর। তবে এসব অভিযোগের বিষয়ে সরকার বা সালমান খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/এমআর