‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।’ পবিত্র কোরআনের এই বাণী স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পোস্টে সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত, যার অর্থ ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’—অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’
নিজের কঠিন সময়ে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট লিখেছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। পোস্টে তিনি লেখেন, “যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
তবে শুধু শুভাকাঙ্ক্ষীদেরই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাঁকে নিয়ে যাঁরা নানা কনটেন্ট তৈরি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন এই চিত্রনায়ক। এ প্রসঙ্গে অনন্ত লেখেন, “আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।” এমনকি এসব ব্যক্তির জন্যও আল্লাহর কাছে দোয়া করে তিনি লেখেন, “আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।” পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এই নোটিশ ও ঋণসংক্রান্ত খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার মধ্যেই নিজের অবস্থান থেকে এমন বার্তা দিলেন অনন্ত জলিল।
ডিআর

