হারিয়ে যাওয়া ঈদ কার্ডে ফিরেছে নতুন ধারা, সালামির খামে সৃজনশীলতার ছোঁয়া
প্রযুক্তিনির্ভর এই সময়ে একসময়কার জনপ্রিয় ঈদ কার্ড প্রায় হারিয়েই গিয়েছিল। তবে কালের আবর্তনে সেই হারানো ঐতিহ্যই এখন ফিরছে নতুন রূপে, নতুন আঙ্গিকে। বিশেষ করে তরুণ প্রজন্মের হাত ধরে ঈদ কার্ড পেয়েছে সৃজনশীলতার এক ভিন্ন মাত্রা।
সম্প্রতি দেখা যাচ্ছে, প্রচলিত কাগজের ঈদ কার্ড এখন আর শুধু শুভেচ্ছা বার্তা বহন করছে না এর সঙ্গে যুক্ত হয়েছে সালামি দেওয়ার নতুন ধরণ।
ছোট ছোট কার্ডের সঙ্গে সুন্দরভাবে রাখা হচ্ছে টাকা, যা একদিকে যেমন সালামির প্রচলিত রীতি বজায় রাখছে, অন্যদিকে কার্ডটিকেও করে তুলছে আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য।
কার্ডগুলোতে রয়েছে শিশুতোষ ও ইসলামিক নকশা, যেমন চাঁদ-তারকা, ফানুস, আরবি ক্যালিগ্রাফি এবং ঐতিহ্যবাহী পোশাক পরা চরিত্রের ছবি।এতে করে শিশু-কিশোরদের কাছেও এগুলো হয়ে উঠছে বেশ আকর্ষণীয়।
অনেক কার্ডে ব্যক্তির নাম লিখে ব্যক্তিগতকরণের ছোঁয়াও দেওয়া হচ্ছে, যা উপহারটিকে আরও বিশেষ করে তুলছে।
এ প্রসঙ্গে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার শিক্ষার্থী তরুণী সৈয়দা ফাছিহা আক্তার মানবকণ্ঠকে জানান, ঈদকে আরও স্পেশাল করে তুলতেই তিনি এমন কার্ড সংগ্রহ করেন। তার কাছে রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় ঈদ কার্ড।
তিনি বলেন, আমি এসব কার্ড আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে বিলি করি। এতে করে ঈদের আনন্দটা আরও বাড়ে এবং ভিন্নরকম অনুভূতি তৈরি হয়। তার মতে, এই উদ্যোগ ঈদ উদযাপনকে আরও ব্যতিক্রমী ও আনন্দমুখর করে তুলেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল শুভেচ্ছার ভিড়ে হাতে ছোঁয়া পাওয়া এই ধরনের কার্ড মানুষের মাঝে আলাদা এক আবেগ তৈরি করছে। একই সঙ্গে এটি পারিবারিক ও সামাজিক বন্ধনকেও আরও মজবুত করছে।
ঈদকে সামনে রেখে বাজারে বা অনলাইনে এমন কার্ডের চাহিদাও বাড়ছে বলে জানা গেছে। ফলে বলা যায়, আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঐতিহ্য আবার ফিরে পাচ্ছে তার হারানো কদর।




Comments