বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু ব্যতিক্রমী চাকরি রয়েছে, যার কথা শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তেমনই এক অভিনব ও রোমাঞ্চকর কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’। অ্যান্টার্কটিকার পোর্ট লকরয় এলাকায় পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনার জন্য কর্মী নিয়োগ করছে সংস্থাটি। পাঁচ মাসের এই বিশেষ চাকরিতে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। এর পাশাপাশি থাকছে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কারের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্টার্কটিকার গৌডিয়ার আইল্যান্ডে অবস্থিত পোর্ট লকরয়ে কাজ করতে হবে নির্বাচিত কর্মীদের। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জন কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে সংস্থাটি।
নির্বাচিত ১৪ জন কর্মীকে দুটি দলে ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে আটজন অবস্থান করবেন পোর্ট লকরয়ে। তাঁদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—
পেঙ্গুইনের সংখ্যা গণনা ও এদের গতিবিধি পর্যবেক্ষণ করা।
স্থানীয় জাদুঘর পরিচালনা করা।
বিশ্বের অন্যতম দুর্গম পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করা।
পর্যটকদের জন্য থাকা স্মারক ও উপহারের দোকান দেখাশোনা করা।
বাকি ছয়জন তুলনামূলকভাবে গবেষণাধর্মী ও কারিগরি কাজে নিয়োজিত থাকবেন। তাঁদের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা।
বেতন ভালো, তবে জীবনযাপন বেশ কঠিন:
মাসে ২ হাজার ৫০০ ইউরো আকর্ষণীয় বেতন এবং বিনা মূল্যে থাকা-খাওয়ার সুযোগ থাকলেও অ্যান্টার্কটিকার চরম প্রতিকূল পরিবেশে পাঁচ মাস কাটানো মোটেও সহজ নয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দুর্গম ওই দ্বীপটিতে নেই কোনো নিয়মিত পানির সরবরাহ কিংবা আধুনিক গোসলের ব্যবস্থা। এমনকি সেখানকার স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থাও বেশ সীমিত।
মূলত জাহাজ থেকে বড় ট্যাংকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজ চালানো হয়। সাধারণত সরবরাহকারী জাহাজ এলে কর্মীরা সপ্তাহে একবার গোসলের সুযোগ পান। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় একটানা দুই সপ্তাহ পর্যন্ত কোনো জাহাজ ভিড়তে পারে না। ফলে টানা দুই সপ্তাহ গোসলের সুযোগ থেকেও বঞ্চিত থাকতে হয় কর্মীদের।
২০২৬-২৭ মৌসুমকে পরিবেশগত দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের পরিচালক ক্যামিলা নিকোল। তাঁর মতে, দ্রুত উষ্ণ হয়ে ওঠা বৈশ্বিক জলবায়ু অ্যান্টার্কটিকায় নতুন ও কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। সাম্প্রতিক তথ্যে অ্যান্টার্কটিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার উদ্বেগজনক চিত্রও উঠে এসেছে।
ডিআর

