শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগের কারণে প্রায় ৭৮ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্রে দেখা গেছে, শনিবার (২৯ নভেম্বর) রাতেও অনেক এলাকায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে, যেখানে উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেননি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহ থেকেই শ্রীলঙ্কায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ভারী বর্ষণে বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বিশেষ করে চা উৎপাদনকারী পাহাড়ি এলাকাগুলোতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে।
দুর্যোগ মোকাবিলায় সরকার স্কুল-অফিস বন্ধ ঘোষণা করেছে এবং বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির অধিকাংশ জলাধার ও নদীর পানি উপচে পড়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এছাড়া পাহাড় ধসে পাথর, কাদা ও গাছপালা পড়ে রাস্তা ও রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অনেক অংশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে যাত্রীীবাহী ট্রেন ও সড়ক পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ নভেম্বর) নাগাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকাগুলো থেকে পানি নিচের দিকে নেমে আসায় রাজধানী কলম্বো ও এর আশপাশের এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে, যদিও সেখানে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শ্রীলঙ্কার পূর্ব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ রোববার নাগাদ ভারতের দক্ষিণ উপকূলের দিকে সরে যেতে পারে।
এদিকে, প্রতিবেশী দেশ ভারত ইতিমধ্যেই উদ্ধারকাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কলম্বোর ভারতীয় দূতাবাস শনিবার জানিয়েছে, ৮০ জন সদস্যের দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে।

