বিশ্ব পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে এবং রাশিয়া আর কোনও বৈশ্বিক সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ। সোমবার এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত তৈরি হয়েছে। ইউক্রেন-রাশিয়ার মাঝে চলমান এই যুদ্ধকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা মেদভেদেভ ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হওয়াটা আশাব্যঞ্জক।
তবে মেদভেদেভ কিয়েভ ও পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে বারবার কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং যুদ্ধের বিস্তার পারমাণবিক ‘প্রলয়ের’ দিকে যেতে পারে বলে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থ উপেক্ষা করেছে।
মস্কোর বাইরে নিজের বাসভবনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস ও রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ওয়ারগনজোকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ব্যথা সহ্য করার সীমা ক্রমেই কমে আসছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, আমরা কোনও বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই। আমরা পাগল নই। তবে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।




Comments