উত্তাল সময়ে ইরানের শাসনভার নিলেন আয়াতুল্লাহ আরাফি ও ৩ সদস্যের কাউন্সিল
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া রাষ্ট্রীয় অভিভাবকত্বের শূন্যতা পূরণে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল। এই কাউন্সিলে প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে মনোনীত করা হয়েছে। ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠিত হয়েছে। কাউন্সিলে আয়াতুল্লাহ আরাফির পাশাপাশি থাকছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং বিচার বিভাগের প্রধান। আয়াতুল্লাহ আরাফি বর্তমানে ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর একজন প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত।
এর আগে দেশটির প্রভাবশালী নেতা আলী লারিজিানি জানিয়েছিলেন, সংবিধান অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এই পরিষদ গঠন করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন কাউন্সিল ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করবে, যতক্ষণ না ইরানের 'অ্যাসেম্বলি অফ এক্সপার্টস' বা বিশেষজ্ঞদের পরিষদ একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝে এই নতুন নেতৃত্ব দেশটিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। বিশ্লেষকরা মনে করছেন, স্থায়ী উত্তরাধিকারী নির্বাচন না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কাউন্সিলের ওপরই ইরানের ভাগ্য ও প্রতিরক্ষা ব্যবস্থা নির্ভর করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments