Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হারুন অর রশিদ আজাদ (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোরে সেহরির সময় কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত হারুন অর রশিদ আজাদ নরসিংদী জেলার শিবপুর থানার চন্ডিবর্দি গ্রামের মৃত ইছব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে জালালাবাদ গ্যাস ফিল্ডে চাকরি করেন। সেই সুবাদে হারুন অর রশিদ কয়েকদিন আগে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে মশার কয়েলের আগুন থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেহরির সময় পাশের বাসার লোকজন আগুন দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরে ঘর থেকে বৃদ্ধ হারুন অর রশিদের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান ও সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আইনি প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর