Image description

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সাইপ্রাস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ঘাঁটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হামলাটি স্থানীয় সময় গত রোববার মধ্যরাতের দিকে সংঘটিত হয়েছে। এটি একটি ড্রোন হামলা বলে প্রবলভাবে সন্দেহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো ব্রিটিশ সেনা বা সংশ্লিষ্ট কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাক্রোটিরি ঘাঁটিটি যুক্তরাজ্যের অন্যতম প্রধান ও কৌশলগত সামরিক স্থাপনা। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানে সাম্প্রতিক হামলার জেরে এটি একটি পাল্টা আক্রমণ হতে পারে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল এবং যুক্তরাজ্য তাতে সম্মতি দিয়েছে। যুক্তরাজ্যের এই সহযোগিতার পরেই ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।

মানবকণ্ঠ/আরআই