গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বিপর্যস্ত ইরান। শক্তিশালী বোমার আঘাতে যখন দেশটির বিভিন্ন প্রান্ত প্রকম্পিত হচ্ছে, ঠিক তখনই দেশটিতে নতুন আতঙ্ক হিসেবে আঘাত হেনেছে ভূমিকম্প। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
ইউএসজিএস-এর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)।
গত কয়েকদিন ধরে চলা বিরামহীন সামরিক হামলার বিভীষিকার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে ইরানজুড়ে যখন চরম অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই এই ভূকম্পন ইরান সরকারের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments