Image description

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তিন দিনব্যাপী নির্ধারিত স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ঘোষণা করা হয়েছিল যে, বুধবার রাত ১০টায় তেহরানের গ্রান্ড মোসাল্লায় (প্রার্থনা ময়দান) এই শোক ও স্মরণ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইরান কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মূলত জনসাধারণের অনুরোধ ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে লাখ লাখ মানুষ তাঁদের প্রয়াত নেতার শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসতে ইচ্ছুক। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত বিমান হামলার মধ্যে সাধারণ মানুষের যাতায়াত এবং বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তেহরানে কেন্দ্রীয় স্মরণ অনুষ্ঠানের আগেই মাশহাদ শহরে প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শেষকৃত্য বা দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ক্রমাগত হামলার মুখে বড় ধরনের কোনো জমায়েত এড়িয়ে চলতেই ইরান সরকার এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

মানবকণ্ঠ/আরআই