Image description

আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, প্রতিবেশী কোনো দেশে হামলা চালানো ইরানের নীতি নয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজারবাইজান কর্তৃপক্ষ দাবি করেছিল যে, তাদের নাখচিভান অঞ্চলের একটি বিমানবন্দর ভবন ও একটি স্কুলে দুটি ইরানি ড্রোন আঘাত হেনেছে। এতে অন্তত দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে কাজেম ঘারিবাবাদি বলেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাই না।"

ইরানের সামরিক নীতি স্পষ্ট করে তিনি আরও বলেন, "ইরানের নীতি হলো কেবল সেসব শত্রু দেশের সামরিক ঘাঁটিতে আঘাত হানা, যারা এই অঞ্চলে সক্রিয় থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক স্থাপনাগুলোই আমাদের লক্ষ্যবস্তু।"

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের সরাসরি সংঘাত শুরু হওয়ার পর পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজারবাইজান তাদের সীমান্তে ইরানি ড্রোন হামলার অভিযোগ তুললেও তেহরান তা নাকচ করে দিয়ে একে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।

মানবকণ্ঠ/ডিআর