Image description

দেশে জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ধর্ষণের ঘটনা বেড়েছে ৫২ দশমিক ৩ শতাংশ। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতেই অন্তত ২৭২ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন, যাদের মধ্যে ৭০ জন ধর্ষণের শিকার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর এক হোটেলে আয়োজিত বিশেষ সংলাপ ও সম্মাননা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অ্যাকশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি টিম লিড মরিয়ম নেসা এসব তথ্য তুলে ধরেন।

বিভিন্ন গবেষণা ও জরিপের তথ্য উপস্থাপন করে তিনি জানান, দেশের ৩৯ শতাংশ বিশ্ববিদ্যালয়ে এখনো যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠিত হয়নি, যা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার উদাহরণ।

সংলাপে আরও জানানো হয়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর হার নেমে এসেছে মাত্র ৩ দশমিক ৯৩ শতাংশে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এবারের নির্বাচনে ৭ জন নারী নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই সংখ্যক নারী নির্বাচিত হয়েছিলেন।