কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের পৈশাচিক হামলায় প্রাণ হারিয়েছেন বৃদ্ধ বাবা খলিলুর রহমান (৬৫)। শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকায় এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান ওই এলাকার মৃত নুর ছমদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ছেলে মিনারুল ইসলাম মিনারকে আটক করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ধারালো দা নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলে মিনার। মাদকাসক্ত মিনার এলোপাথাড়ি কুপিয়ে বাবার পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। পৈশাচিক এই হামলার তীব্রতায় বৃদ্ধ খলিলুর রহমানের বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন অংশে গভীর ক্ষত পাওয়া গেছে এবং বাম হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ছেলে মিনারুল ইসলামকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকাসক্ত সন্তানের হাতে বাবার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments