শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মতো চরম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে দেশে ‘নোংরা রাজনীতি’ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তার মতে, এ ঘটনায় সরকারের কোনো গাফিলতি না থাকলেও একটি বিশেষ পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাস্তায় রাজনীতি করছে।
ফেসবুক পোস্টে আনিস আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে নিহত রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে গাড়িতে ওঠার সময় তাদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। এছাড়া, শুক্রবার মিরপুরে শিবিরের রাস্তায় নেমে ‘তুলকালাম কাণ্ড’ ঘটানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, "এই ধর্ষণকাণ্ডে এখন পর্যন্ত আমি সরকারের কোনো গাফিলতি দেখলাম না। দুর্ভাগ্যজনকভাবে ধর্ষণের মতো একটি স্পর্শকাতর ও জঘন্য অপরাধকে কেন্দ্র করে নোংরা রাজনীতি হচ্ছে।"
প্রতিবাদকারীদের একাংশের দ্বিচারিতার সমালোচনা করে এই সাংবাদিক পোস্টে লেখেন, ইউনূসের কারণে যখন হামে ৫০০ শিশু মারা যায়, তখন এই প্রতিবাদকারীদের একটি বড় অংশকেই নীরব থাকতে দেখা যায়। কিন্তু কেউ যখন এই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, তখন তাদের ‘হামলীগ’ ইত্যাদি রাজনৈতিক ট্যাগ দিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইউনূস এই গোষ্ঠীকে অপরাজনীতির শক্তি দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সভা-সমাবেশ নিষিদ্ধ করে এদেরকে রাজনৈতিক আশ্রয় ও প্রতিপক্ষের ওপর হামলার অবাধ স্বাধীনতা দিয়েছেন।
পরিশেষে আনিস আলমগীর সতর্ক করে বলেন, ন্যায্য বিচার ও মানবতার স্থান যখন রাজনীতির নিচে চলে যায়, তখন সেই সমাজ ও রাষ্ট্রের পতন অনিবার্য। তাই কোনো অপরাধকে রাজনীতিকরণ না করে অপরাধী হিসেবে তার বিচার নিশ্চিত করাই হলো প্রকৃত নাগরিক সচেতনতা।
মানবকণ্ঠ/আরআই




Comments