ইরানের নেতা গণতান্ত্রিক না হলেও চলবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্মান করলেই হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতা গণতান্ত্রিক না হলেও তার কোনো সমস্যা নেই। তবে সেই নেতাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সম্মান দেখাতে হবে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত এক সপ্তাহে ইরানের অবস্থান অনেক বদলে গেছে। তার ভাষায়, “এক সপ্তাহ আগে ইরান অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।”
ইরানের নতুন নেতৃত্ব নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেখানে এমন একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। ট্রাম্প দাবি করেন, ইরানের পরিস্থিতি অনেকটা ভেনেজুয়েলার মতো হতে পারে।
তিনি উদাহরণ টেনে বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন নেতৃত্ব এসেছে এবং বর্তমানে সেখানে ভালো কাজ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-এর প্রসঙ্গ উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতা ধর্মীয় ব্যক্তি হলেও তার আপত্তি নেই। এ বিষয়ে তিনি বলেন, “আমার ধর্মীয় নেতা নিয়ে কোনো সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি, যারা অসাধারণ।”
ইরানকে গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, গণতান্ত্রিক হতে হবে না। তবে এমন একজন নেতা দরকার যিনি ভালো কাজ করবেন এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের সম্মান করবেন।”
এ সময় ট্রাম্প আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে বিভিন্ন ইস্যুতে কাজ করছে।
সূত্র: সিএনএন
মানবকণ্ঠ/আরআই




Comments