Image description

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের যুদ্ধজাহাজ 'আইআরআইএস লাভান'-কে কেরালার কোচি বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে ভারত সরকার। কারিগরি ত্রুটির কারণে জাহাজটিকে এই আশ্রয় দেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রীলঙ্কার দক্ষিণে ইরানের অপর যুদ্ধজাহাজ 'আইআরআইএস ডিনা'-তে হামলার কয়েক দিন আগে তেহরান ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল। সে সময় তারা 'আইআরআইএস লাভান' যুদ্ধজাহাজে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে সহায়তা চেয়েছিল। উল্লেখ্য, জাহাজটি সম্প্রতি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউর (IFR) যৌথ মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল।

এর আগে গত ৪ মার্চ ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ 'আইআরআইএস ডিনা' ডুবে যায়। বর্তমানে কোচি বন্দরে অবস্থানরত 'আইআরআইএস লাভান'-এর ১৮৩ জন ক্রু ও নৌসেনা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার এর আগে 'আইআরআইএস ডিনা'-কেও আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে সেই আমন্ত্রণের কোনো উত্তর দেওয়া হয়নি।

মানবকণ্ঠ/ডিআর