Image description

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ২৫তম দফার হামলা চালিয়েছে ইরান। এই দফায় প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। 

শনিবার (৭ মার্চ) বিকেলে মার্কিন সামরিক ঘাঁটি ও সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের বিভিন্ন সহায়তা কেন্দ্র লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে বিশেষভাবে হাইপারসনিক ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার। অত্যাধিক গতির কারণে বর্তমান বিশ্বের উন্নত রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা বা মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিশোধ নিতেই ইরান দফায় দফায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর