ছড়িয়ে পড়ছে ভয়াবহ যুদ্ধ
কাতার, সৌদি ও আমিরাতে ইরানের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা
ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। গত দশ দিন ধরে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার জবাবে এবার পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। সোমবার (৯ মার্চ) পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। এর প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানি বাহিনী কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে।
কাতার: দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার দাবি করেছে, তারা ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বাহরাইন: দেশটির সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদি আরব: সৌদি আরবের শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এছাড়া রাজধানী রিয়াদের উত্তর দিকেও দুটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটি। সৌদি আরব কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরান যদি হামলা বন্ধ না করে, তবে তারা নিজেদের সামরিক ঘাঁটিগুলো মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেবে।
সংযুক্ত আরব আমিরাত: আমিরাতের ফুজাইরাহ এলাকায় একটি প্রজেক্টাইল ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ থেকে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
সংঘাতের দশম দিনে এসে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ইরানে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোও এখন যুদ্ধের প্রত্যক্ষ শিকারে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
মানবকণ্ঠ/আরআই




Comments