দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং তেল বিপণন কেন্দ্রগুলোতে উদ্ভূত অস্থিরতা নিরসনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের প্রধান প্রধান জ্বালানি তেল ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ডিলারদের পক্ষ থেকে জ্বালানি তেলের আকস্মিক ও অতিরিক্ত চাহিদা দেখা দিয়েছে। এতে করে তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ গুরুত্বপূর্ণ ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তেলের ডিপোগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (KPI) ভুক্ত হওয়ায় এগুলোর সুরক্ষা নিশ্চিত করা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
যেসব এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে:
১. চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা প্রধান স্থাপনা।
২. খুলনা জেলার দৌলতপুর ডিপো।
৩. সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি ডিপো।
৪. নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা ডিপো।
৫. দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপো।
৬. বরিশাল ডিপো।
নির্দেশনায় বলা হয়েছে, বিপণন কোম্পানিগুলোর এসব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধেই এই কঠোর অবস্থান নিয়েছে সরকার।
মানবকণ্ঠ/আরআই




Comments