রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে চাঁদা না দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক মো. ইসরাফিল হককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহত বিটিআরসি কর্মকর্তা ইসরাফিল হক। তিনি জানান, প্রায় দুই মাস আগে তিনি মহিষবাথান এলাকায় নিজের তিন কাঠা জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকেই স্থানীয় মারুফ হোসেন ও মিমসহ একটি চক্র বিভিন্ন অজুহাতে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কখনও বালু-পাথর সরবরাহ, কখনও রাস্তা ব্যবহার আবার কখনও জমি ছাড়ার অজুহাতে তারা টাকা দাবি করত। নিরাপত্তাহীনতার কারণে ইতিপূর্বে তিনি কিছু টাকা তাদের দিয়েছিলেনও।
ভুক্তভোগী কর্মকর্তা আরও অভিযোগ করেন, সম্প্রতি তিনি বাড়ি নির্মাণের তদারকির জন্য ছুটিতে আসলে ওই চক্রটি আবারও চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার সন্ধ্যায় প্রায় ২৫ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। তিনি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, হামলার ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে মারুফ হোসেন, মিম, তৌকীর, নাহিদ, মাহিন, ইঞ্জিনিয়ার নাবিল ওরফে রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, “জমি নিয়ে বিরোধের বিষয়টি আগে থেকেই আমাদের নজরে ছিল এবং পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা তা মীমাংসার চেষ্টাও করেছেন। রোববার বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু পুলিশ চলে আসার পরই এই হামলার ঘটনা ঘটে। মামলায় চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত মারুফ হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments