হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর, লাখাই ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুইটি সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে উভয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয়পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, সোমবার কাশিমপুর গ্রামে জমি চাষাবাদের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং অপরপক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হন।
অপরদিকে বেলা ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলামের মধ্যে বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে ঝগড়া হয়।
এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুর (৪২)।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।




Comments