ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান বিধ্বংসী হামলায় ব্যাপক মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ধারাবাহিক এই হামলায় দেশজুড়ে প্রায় ২০ হাজার বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, সারা দেশে অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক ভবন সরাসরি হামলার শিকার হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে সাধারণ মানুষের ঘরবাড়ির পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে রেহাই পায়নি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও। তথ্য অনুযায়ী, ৭৭টি চিকিৎসা কেন্দ্র (হাসপাতাল ও ক্লিনিক) এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে। এমনকি উদ্ধারকাজে নিয়োজিত ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ১৬টি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি একটি হামলার শিকার হলেও তিনি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন।
বিশ্লেষকরা বলছেন, আবাসন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর এমন ব্যাপক হামলায় ইরানে আগামী দিনগুলোতে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক এই সংস্থাটি দ্রুত সংঘাত বন্ধ করে মানবিক করিডোর নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments