রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা ‘আপ বাংলাদেশ’ ভেঙে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন থেকে নতুন দলের নাম এবং মুখপাত্রের নাম ঘোষণা করা হবে। নতুন এই দলটি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। মূলত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনাকে ধারণ করেই তাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে।
নতুন রাজনৈতিক দলের অন্যতম উদ্যোক্তা এবং আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংবাদিকদের বলেন, "আগামী শনিবার আমরা দলের ঘোষণা দিলেও এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে পবিত্র ঈদুল ফিতরের পর। আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছি।" তিনি আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই তারা সামনে এগিয়ে যাবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই দলের আত্মপ্রকাশ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে তরুণ সমাজ এবং জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে এই নতুন দলটিকে নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments